সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদরের ইছামতি গ্রামের আলামিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আলামিন সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

আলামিনের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করে। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন আর আল আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রাতে নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।