গাইবান্ধায় প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিমুল সিমান্ত সেতু (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩। শুক্রবার (২৮ জুন) ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রাম থেকে রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। 

শিমুল ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও বগুড়া টিএমএসএস পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস জানান, জিজ্ঞাসাবাদে শিমুল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। শুক্রবার গাইবান্ধায় অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহের পাঁয়তারা করছিল। গোপনে খবর পেয়ে র‌্যাব-১৩-এর সদস্যরা শিমুলকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: শিবচরে একরাতে ২ বাড়িতে ডাকাতি

এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলা করা হয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি