শিবচরে একরাতে ২ বাড়িতে ডাকাতি

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৭:১১

মাদারীপুরে শিবচরে একরাতে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লাইসেন্স করা একটি বন্দুক লুট করে নিয়ে গেছে। এ সময় এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার মধ্যরাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল ও দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে পৃথক এ ডাকাতির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকায় পাট ব্যবসায়ী কাইয়ুম বেপারীর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে অস্ত্রধারী একদল ডাকাত। মুহূর্তেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা, ২৪ ভরি স্বর্ণালংকার ও লাইসেন্স করা একটি বন্দুক লুট করে পালিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে ডাকাতরা গৃহকর্তা কাইয়ুম চৌধুরীকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে একই রাতে দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের প্রবাসী সিরু মুন্সীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকতরা নগদ ৭০ হাজার টাকা, ৫/৬ ভরি স্বর্ণ লুট করে। কিছুদিন আগে সিরু মুন্সী মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। 

সকালে খবর পেয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম ও নিলখী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, মামলা করতে প্রভাবশালীদের ‘না’

এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, উৎরাইল গ্রামটি নিলখী তদন্ত কেন্দ্রের আওতাভুক্ত হলেও, নিলখী পুলিশের কোনো তৎপরতা দেখা যায় না। 

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/অনি