নয়াবাড়ি হাই স্কুলে অবৈধভাবে আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে: হাইকোর্ট

জেলার শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বোর্ড নির্ধারিত সেশন ও ভর্তি ফি'র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আঞ্জু আরার অভিযোগের ভিত্তিতে মহামান্য হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয় গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী, নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভর্তি ও সেশন চার্জের নামে অবৈধভাবে আদায়কৃত অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (ঢাকা) মহাপরিচালককে ২৯ জানুয়ারি দায়েরকৃত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন।

আঞ্জু আরার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ড সচিব মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত নীতিমালার ১১.২ উপবিধিতে বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মফস্বল এলাকার প্রতিষ্ঠানে সেশন চার্জসহ সর্বসাকুল্যে ৫শত টাকার বেশি আদায় করা যাবে না। এছাড়া, যেকোনো শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত উপ-কমিটি গঠন, দুইঘণ্টায়  গণিত, বাংলা ও ইংরেজি বিষয় সমন্বয়ে একশত নম্বর ও ছুটির দিনে পরীক্ষার বিধান থাকলেও এ বিদ্যালয়ে  সে নিয়ম নামা হয়নি। ফলে, অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ না পাওয়ায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  বিশ্বনাথে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

এছাড়া, মেধাবী-দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোন অর্থ মওকুফ করা হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা সংশ্লিষ্ট কারো অনুরোধ রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে। ভর্তির ক্ষেত্রে এ বছর বিদ্যালয় প্রধান শিক্ষকের নির্দেশে প্রায় ৮শ' শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ৪শ' ও পুন:ভর্তিতে একশ' টাকা নেওয়া হয়েছে। এতে ঝরেপড়া ও অন্যত্র শিক্ষার্থী চলে যাওয়ার হার বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া, এ উপজেলায় অবস্থিত অপর এক শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি প্রতারণামূলকভাবে ব্যবহার করে ৯৮ পৃষ্ঠার 'শিক্ষার্থী ডায়েরি' ৭০ টাকা মূল্যে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়।  

ইত্তেফাক/জেডএইচডি