সিরিজ হারল বাংলাদেশ ইমার্জিং দল

সাকিব আল হাসানরা যখন ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে ছন্দ হারিয়ে পথ খুঁজছে ঘুরে দাঁড়াবার। ঠিক সেই সময়ই শ্রীলঙ্কায় বাংলাদেশ ইমার্জিং দল খেলতে গিয়ে সিরিজ হারের তিক্ত স্বাদ গ্রহণ করল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ইমাজিং দল। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল হিসেবে।

এমন সমীকরণের ম্যাচেই হেরে সিরিজ খুইয়েছে সফরকারীরা। গতকাল রবিবার ডাম্বুলায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ৩১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। এতে করে স্বাগতিকরা সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

তবে এখনো বাকি রয়েছে সাদা পোশাকের লড়াইয়ে। আগামী ২৫ অক্টোবর এবং ১ নভেম্বর ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ দুটি।

এর আগে এদিন ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন ও প্রীতম কুমারের ব্যাটে দারুণ শুরু করে বাংলাদেশ। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। তবে পাওয়ার প্লের শেষ বলে প্রেমারাত্নের শিকার হয়ে ৩২ রানে ইমন ফিরলেই শুরু হয় ইমাজিং দলের আশা-যাওয়ার পর্ব। ৩৫ রানের বেশি করতে পারেননি প্রীতম। এ সময় একপ্রান্তে যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে অন্যপ্রান্তে তখন দেয়াল হয়ে দাঁড়ান শাহাদাত হোসেন দিপু, রানের চাকা সচল রাখার সর্বোচ্চ চেষ্টাও করেন তিনি। ইনিংসের সর্বোচ্চ রানও আসে দিপুর ব্যাট থেকেই। তিনি সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেন।

এছাড়া জয় ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ১১ রানে অপরাজিত থাকেন আহমেদ শরীফ। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। লঙ্কাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন চামিন্দু বিক্রমাসিংহে এবং আসিয়ান ড্যানিয়েল। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন প্রেমারাত্নে ও ভিয়াসকান্থ।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই স্বাগতিকদের ধাক্কা দেন পেসার রিপন মন্ডল। প্রথম ওভারের তৃতীয় বলেই লঙ্কান ওপেনার সোহান ডি লিভেরাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। তবে তাতে অবশ্য লাভ হয়নি। তৃতীয় উইকেটের শেভন ড্যানিয়েল ও পাভান রাত্নায়ে ৮৩ রানের জুটি করে ঘুড়ে দাঁড়ায়।

পরে ড্যানিয়েল ফিরলেও ইনিংস এগিয়ে নেন রাত্নায়েকে। ১১ চার ও ২ ছক্কায় ৫৬ বলে ৮৫ রান করে আউট হন ২১ বছর বয়সি ব্যাটসম্যান। এরপর নাভোদ পারানাভিতানা ৪৭, আহান উইক্রামাসিংহের ৩০ রানের সৌজন্যে সহজেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রিপন এছাড়া বাকি দুইটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।