মাহদী হাসান
আমিও তো মানুষ ছিলাম
নরম ছিল মন,
অন্ধ এখন—বধির আমি
থাকছি আজীবন।
মানবতার শিরায় শিরায়
বসল জেঁকে ঘুণ,
এই দু চোখে ধাতব চশমা
মেনেই নিচ্ছি খুন।
সামনে গিয়ে কোপ যে খাব
সাহস কোথায় পাই!
মুখেই আমার খই ফুটে যায়
শক্তি বুকে নাই।
মনের জোরে চাঁদ নামিয়ে
দেই থামিয়ে ঢেউ,
আমি কবে মানুষ হব
বলতে পারেন কেউ!
সোনার দেশে খুব বেড়েছে
বিবেক মরা লোক,
আমি এখন কাতারবন্দি
কিসের আমার শোক!
ঘুণপোকারা সর্বগ্রাসী
বিচার চাইব কই!
সব গিলেছে, তাই হারালাম
আনন্দ হইচই।
সময় স্রোতে বাঁক খেয়ে যায়
জীবন নদীর জল,
সহ্য করে, করব না হয়
মানুষ হবার ছল।
কী করে যে করব আমি
একটা জীবন পার!
ছলকে উঠুক আলোর জোয়ার
কাটুক অন্ধকার।