বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি মারা গেল। মৃত্যুর সময় ববির বয়স ছিল ৩১ বছর।
সোমবার (২৩ অক্টোবর) গিনেস বুক অব রেকর্ডস এ তথ্য জানায়।
ববি ছিল রেফেইরো দো অ্যালেন্তেজো জাতের কুকুর। এই কুকুর সাধারণত গার্ড ডগ হয়। পুরোটা জীবন সে মধ্য পর্তুগালের একটি গ্রামে কাটিয়েছে। সাধারণত এই জাতের কুকুর ১০-১৪ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু পর্তুগালের ববি বেঁচেছিল ৩১ বছর পর্যন্ত। গিনেস বুক অফ রেকর্ডসের মতে, ববিই ছিল বিশ্বের বয়স্কতম কুকুর।
১৯৯২ সালের ১১ মে ববির জন্ম। তার মালিক লিওনেল কোস্তার বয়স তখন আট বছর। লিওনেল এই বছরের শুরুতে জানিয়েছিলেন, ববি ভালো খাবার খায়। খোলা হাওয়ায় বড় হয়েছে। তাকে কখনই শিকলে বাঁধা হয়নি। তিনি আরও বলেন, ‘আমরা যা খাই, ববিও সেটাই খায়।’
এই বছরের ফেব্রুয়ারিতে ববিকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর হিসাবে চিহ্নিত করে গিনেস বুক। গিনেস বুকের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ববির মৃত্যুতে মর্মাহত। ববিই ছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। সে ৩১ বছর ১৬৫ দিন বেঁচে ছিল। গিনেস বুক আরও জানায়, ববির ৩১তম জন্মদিনের পার্টিতে শতজন এসেছিলেন।
এ বিষয়ে পশু চিকিৎসক ক্যারেন বেকার বলেছেন, ‘ববি ১১ হাজার ৪৭৮ দিন পৃথিবীতে ছিল। কিন্তু তাকে যারা ভালোবাসতো, তাদের কাছে এটা যথেষ্ট নয়।’
গিনেসের রেকর্ডে থাকা এর আগে সবচেয়ে বেশিদিন বাঁচা কুকুর ছিল অস্ট্রেলিয়ায়, সে ২৯ বছর পাঁচ মাস বেঁচেছিল। ১৯৩৯ সালে সে মারা যায়।