বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারপশিপ নিয়ে কাজ করার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্লোবাল এডুকেটর ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (জিস্ট) আয়োজনে ‘ভবিষ্যৎ শিক্ষা ও আমাদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর জিস্ট সেন্টারে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে জিস্ট-র কর্মকর্তাদের সাথে গণমাধ্যর্মীরা অংশগ্রহণ করেন।
বৈঠকে জিস্টের সভাপতি বিপ্লব কুমার দেব মূখ্য আলোচক হিসাবে ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, তিন’শর অধিক স্টেট অ্যালাইমনাইয়ের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে গড়ে ওঠা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ছাত্র-শিক্ষকদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে থাকে। তিনি আরও বলেন, যারা উন্নত দেশে উচ্চ শিক্ষায় অর্জন করতে আগ্রহী তাদের বৃত্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তথ্য প্রদান ও সহায়তা করে এই ফাউন্ডেশন।
বিপ্লব কুমার দেব বলেন, ‘শিশু-কিশোরদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে জিস্ট বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পাশাপশি বিশ্বব্যাপী ১৪৩টি অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এছাড়া, ইউএস উইনথর্প ইউনিভার্সিটি (ইউএসএ) অ্যাডামাস ইউনিভার্সিটি (ভারত), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ), অ্যাপলাচিয়ান স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ.) ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটি (ইউক্রেন), নেপাল ইউএস অ্যালামনাই নেটওয়ার্ক, নুসান, এজেডিই (গুয়াতেমালা) এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে নিরলশভাবে কাজ করছে।’
তিনি জানান, সংস্থাটি এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে আয়োজন করেছে শিক্ষা বিষয়ক ৭টি আন্তর্জাতিক এবং তিনটি জাতীয় সম্মেলন। শিক্ষক, অভিভাবক, ছাত্র, প্রশাসক এবং শিক্ষার নীতি নির্ধারকদের সম্পৃক্ত করে শিক্ষায় কাজ করার ক্ষেত্র, সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা ও উপায় বের করতে কার্যক্রম চালু রয়েছে।