আগস্টে টরন্টো মাতাতে কানাডা যাচ্ছেন অর্ণব

আপডেট : ১২ জুন ২০২৬, ১৩:২৭

বাঙালি শ্রোতাদের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব আগামী আগস্টে কনসার্টে অংশ নিতে কানাডা সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে কানাডার টরন্টো শহরে একটি বিশেষ লাইভ কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।

আয়োজক মীর জুয়েল জানিয়েছেন, আগামী ৮ আগস্ট টরন্টোর টরন্টো প্যাভিলিয়নে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অর্ণব তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন আঙ্গিকে সাজানো কিছু পরিবেশনাও উপস্থাপন করবেন।

অর্ণবের সঙ্গে মঞ্চে থাকবেন তার দীর্ঘদিনের সহযাত্রী সংগীতশিল্পীরা। ব্যান্ডে বেইজ গিটারে থাকবেন বুনো, বাঁশিতে রাহিন এবং পারকাশনে শুভ। এছাড়া কণ্ঠশিল্পী সুনিধিও অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকদের ভাষ্য, কনসার্টটিতে লাইভ ব্যান্ড পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অর্ণবের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি দর্শকদের জন্য কিছু বিশেষ চমকেরও পরিকল্পনা রয়েছে।

প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের মধ্যে অর্ণবের গান দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ফলে টরন্টোর এ আয়োজনকে ঘিরে প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আয়োজকদের মতে, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির একটি মিলনমেলায় পরিণত হবে।

ইত্তেফাক/এএইচপি