বাংলাদেশের ম্যাচের আগে ইডেন গার্ডেনে দুর্ঘটনা

বিশ্বকাপে নিজেদের ৫ ম্যাচের মধ্যে চার ম্যাচে হেরে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বাংলাদেশ। আসরের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। খেলাটি আগামীকাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। প্রথম ম্যাচের পর এই ম্যাচে জয় তুলে রাউন্ড রবিনে যাওয়ার দৌড়ে ফিরে আসার চেষ্টা চালাতে চায় সাকিব বাহিনী। তবে খেলাটি মাঠে গড়ানোর আগেই ইডেন গার্ডেনে গতকাল ঘটে গেছে এক দুর্ঘটনা। ভেঙে গেছে তিন নম্বর গেট সংলগ্ন একটি দেওয়াল।

ভারতে চলমান বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ১০ প্রদেশের ১০ স্টেডিয়ামে। ইতিমধ্যে ৯টি স্টেডিয়ামে আসরের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি ছিল শুধু কলকাতার ইডেন গার্ডেন। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে এই মাঠেরও। তার আগে বেশ কয়েক মাস ধরেই সংস্করণের কাজ চলছে স্টেডিয়ামটিতে। মূলত শেষ  সময়ে তাড়াহুড়ো করতে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সংস্কারকাজে ব্যবহৃত একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে ইডেন গার্ডেন স্টেডিয়ামের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ধাক্কা মারে। তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল।

বিশ্বকাপ ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মাঠে এমন দুর্ঘটনায় চাপে পড়ে গিয়েছেন সিএবির কর্তারা। ঐ গেট দিয়ে টাইগারদের ম্যাচ দেখতে দর্শকরা ঢুকবেন। জরুরিকালীন পরিস্থিতিতে ঐ দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সারানো হলেও যে সমস্যা মিটবে, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

এদিকে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট নিয়ে সমর্থকদের অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে। স্টেডিয়ামের ধারণক্ষমতা তিন ভাগের এক ভাগ আসনের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তবে তাতেও ঝামেলার কমতি নেই। অনলাইনে টিকিট কাটলেও তা কনফার্ম হাতে পাচ্ছে না। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভও করছে তারা। তবে এই মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ম্যাচ নিয়ে সমর্থকদের চাহিদা কম। মূল চাহিদা আগামী ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়েই। আর সেই ম্যাচের টিকিট না পাওয়া নিয়েই চলছে এই বিক্ষোভ। এরমধ্যেই দেওয়াল ভাঙার ঘটনা তো আগুনে আরেকটু ঘি দিয়ে দিল। ইডেন গার্ডেনের প্রথম দুটি ম্যাচেই খেলবে সাকিব আল হাসানরা।

আগামীকাল ডাচদের বিপক্ষে মাঠে নামার পর আগামী ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই নামবে বাংলাদেশ। এছাড়া এই মাঠে অনুষ্ঠিত হবে আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচও।