কলকাতায় বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি আজ

বিশ্বকাপে দ্বিতীয় জয়ের সন্ধানে লড়াই

আফগানিস্তানকে উড়িয়ে ভারতে চলমান বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরে আর জয়ের দেখা পায়নি। টাইগার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তাদেরও অবস্থা প্রায় একই। তবে তারা আসরের প্রথম দুটি ম্যাচ হার দিয়ে শুরু করলেও নিজেদের তৃতীয় ম্যাচে উড়ন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে। তবে ঐ একটি জয়ই। চলমান টুর্নামেন্টতে এবার নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেনে দিনের দ্বিতীয় ম্যাচে আজ বেলা আড়াইটায় মাঠে নামবে এই দুই দল। আর তাদের লক্ষ্য দ্বিতীয় জয় তুলে নেওয়া।

ভারতে বড় কিছু করার স্বপ্ন নিয়েই পা রেখেছিলেন টাইগাররা। সেই প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় নিয়ে আসর শুরু করে সম্ভাবনাও জাগিয়েছিল সাকিবরা। তবে এরপর আর জয়ের দেখা পায়নি। যতবারই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে ততবারই মুখ থুবরে পড়েছেন তারা। এতে করে আসরে নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে টানা চারটিতে হেরে রাউন্ড রবিনে পথ থেকে অনেকটা দূরে চলে এসেছে বাংলাদেশ। তবে আজকের ম্যাচ দিয়ে মোমেন্টামে ফিরে আসতে চান টাইগাররা।

এদিকে প্রায় এক যুগ পর বিশ্বকাপে পা রেখেছে নেদারল্যান্ডস। সবশেষ ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এবারের আসরে আসতেও বেশ লড়াই করতে হয়েছিল তাদের। গেল জুন মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়া ১০ দলের কোয়ালিফায়ার রাউন্ড থেকে উঠে এসেছেন তারা। আসরের শুরুটা ভালো না করলেও নিজেদের তৃতীয় ম্যাচে নিজেদের ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন ডাচরা। আসরে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ৩৫ রানে। তবে ঐ একটি ম্যাচই এরপর আর জয় নেই। তারাও আজকে চান টাইগারদের হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিতে।

আজ ইডেন গার্ডেনের এই ম্যাচে সম্ভাব্য ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। ডাচদের তুলনায় ধারেভারে সবকিছুতেই শক্তিশালী টাইগাররা। এছাড়া যেহেতু কলকাতায় ম্যাচ, তাই নিজেদের হোম ভেন্যুর অনুভূতিই পেতে যাচ্ছেন লাল-সবুজরা। তবে ডাচরা যে ছেড়ে কথা বলবেন, তা-ও কিন্তু নয়। নিজেদের সবশেষ ম্যাচ ছাড়া প্রায় সব কয়টি খেলাতেই প্রতিপক্ষের বিপক্ষে বেশ লড়াই করতে দেখা গেছে তাদের। পয়েন্ট তালিকায় বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস। ১০ দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

মজার বিষয় হচ্ছে, এক যুগ পর যেমন ডাচরা বিশ্বকাপে এসেছে তেমনি এক যুগ পরই ওয়ানডে ফরম্যাটে আজ বাংলাদেশের বিপক্ষেও মাঠে নামবেন তারা। এর আগে সবশেষ এক দিনের এই ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছিল ২০১১ বিশ্বকাপে। সেবারই প্রথম বার বিশ্বকাপ মঞ্চে একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছিল এই দুই দল। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। যদিও এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম সাক্ষাতে সমান উইকেটের ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। শনিবার এই ফরম্যাটে এই দুই দলের তৃতীয় লড়াই। স্বাভাবিকভাবেই আবার বাংলাদেশকে হারিয়ে তারা চাইবে জয়ের ধারায় ফিরতে, অন্যদিকে নিজেদের সম্মান টিকিয়ে রাখতে ও সমর্থকদের স্বস্তি দিতে বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইবে সাকিব বাহিনী।

বাংলাদেশ                    নেদারল্যান্ড

     ২           ম্যাচ              ২

     ১           জয়               ১

     ১           হার               ১