যার যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব।
শনিবার (২৮ অক্টোবর) আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যাওয়ার আগে হল ছাত্রলীগের গ্রুপে পাঠানো এক অডিও বার্তায় এমন নির্দেশনা দেন তিনি। তিনি একই হল শাখার শীর্ষ পদ প্রত্যাশী। ক্যাম্পাসে তিনি ঢাবি ছাত্রলীগ সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।
গ্রুপে পাঠানো সেই অডিও বার্তায় তিনি বলেন, 'যার যা কিছু আছে, লাঠি-সোঁটা, রড, স্ট্যাম্প, হেলমেটসহ গণরুমে যা আছে সবকিছু নিয়ে দ্রুত নিচে নামো।'
এর আগে গতকাল রাতে মেসেঞ্জার গ্রুপে দেওয়া এক নির্দেশনায় তিনি বলেন, 'আগামীকাল দুপুর একটার মধ্যে খাওয়াদাওয়া করে সবাই মিনি গেস্টরুমে উপস্থিত হবা। সকলের উপস্থিতি নিশ্চিত করবা চতুর্থ বর্ষ। ভয়ের কিছু নাই, আমাদের সামনে ওরা টিকতে পারবে না। আর তোমাদের রক্ষার জন্য সামনে আমরা থাকবো। আগামীকাল শেখ হাসিনার অস্তিত্বের প্রশ্নে দেখা হবে রাজপথে।'