স্পোর্টস ডেস্ক
অলরাউন্ডার মইন আলির বিশ্বাস ইংল্যান্ড স্বাগতিক হলেও আজ রবিবার বার্মিংহ্যামে দুদলের খেলায় ভারতই চাপে থাকবে। শুধু তাই নয় তিনি এও জানিয়েছেন যে ভারত অধিনায়ক বিরাট কোহলির দামি উইকেটটি নেওয়াই হবে তার লক্ষ্য।
বিরাট কোহলি গত দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে দুর্দশা থেকে টেনে তোলেন। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাদুটিতে ভারত শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা কোণঠাসা ছিল। ঐরকম পরিস্থিতি থেকে দলকে বের করে আনেন তিনি।
মইন আলি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কোহলির অধীনে খেলেছেন। লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা কলামে এ ব্যাপারে বলেন, ‘বিরাট জানেন ভারতের হয়ে রান করার জন্যই তিনি সেখানে আছেন। অপরদিকে আমি এখানে আছি তাকে আউট করার জন্য (কিংবা কিছু রান করতে)। তার মতো খেলোয়াড়কে আউট করা বিরাট কিছু। তবে এরকম চেষ্টার পরও আপনি বন্ধু থাকতে পারেন।’
তিনি আরো লেখেন, ‘আমরা আমাদের অনূর্ধ্ব ১৯ এর খেলাগুলোর সময় থেকেই একে অপরকে চিনি। তবে সাম্প্রতিক সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলার কারণে আমরা ভালো বন্ধু হয়ে যাই। আমি এরকম বড়ো একটা খেলার আগে তার চাকা বেশি ফুলাতে চাই না। তবে এটা ঠিক যে সে খুবই উদ্বুদ্ধ থাকা আত্মনিবেদিত ক্রিকেটার।’
ইংল্যান্ড টানা দুই খেলায় শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হারের আগে সেমিফাইনালের পথেই ছিল। কিন্তু এই হারগুলোর কারণে ২০১৯ বিশ্বকাপের আয়োজকরা পথ হারায়। এখন শেষ চারে যোগ দিতে হলে তাদের অবশিষ্ট দুই খেলায় ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে।
এ খেলাগুলো সম্পর্কে মইন আলি বলেন, ‘আমি ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের খেলাদুটিকে ভয় নয় সুযোগ হিসেবেই দেখছি।’