নারায়ণগঞ্জে পুলিশের বাধায় বিএনপি ছত্রভঙ্গ, তিনজন গুলিবিদ্ধসহ আটক ২

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ ও ডন চেম্বার এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সড়কের পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এতে যুবদলের তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাব এলায় ও ডন চেম্বার এলাকায় জড়ো হচ্ছিলেন। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়া হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী ও চাষাঢ়ায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা মিছিল বের করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাউন্সিল ইকবাল ও গণতন্ত্র মঞ্চ মহানগরের সমন্বয়কারী মোতালেব মাস্টারকে আটক করেছে পুলিশ।