ছন্দহীনতার স্বীকারোক্তি মেসির
স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজ আর জিওভানি লো সেলসোর গোলে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে। শেষ চারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে কোচ লিওনেল স্ক্যালোনির দল। দুই দলের সর্বশেষ দেখায় জিতেছিলো ভেনেজুয়েলাই। সেই ম্যাচের গোলদাতা সলোমন রন্দন তো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটির আগে আর্জেন্টিনা আর অধিনায়ক লিওনেল মেসিকে আটকে রাখার হুংকারই ছেড়ে বসেছিলেন! তবে ম্যাচে মেসিকে আটকে রাখলেও আলবিসেলেস্তেদের আর রুখতে পারেনি ভেনেজুয়েলা।
শুক্রবার রাতে মারাকানা স্টেডিয়ামের খেলাটিতে দশম মিনিটেই সার্জিও আগুয়েরোর বাড়ানো বল থেকে দারুণ এক ব্যাকহিলে দলকে এগিয়ে দেন লাউতারো। এরপর প্রথমার্ধে আক্রমণের পসরা সাজালেও প্রতিপক্ষ রক্ষণের দৃঢ়তায় এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। ৭৪ মিনিটে আগুয়েরোর শট ভেনেজুয়েলা গোলরক্ষক রুখে দিলেও ফিরতি শটে বদলি খেলোয়াড় লো সেলসোর প্রয়াস আর রুখতে পারেননি। ২-০ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
মেসি চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনার গোলের খাতা খুললেও এরপর থেকে গোলের মুখ দেখেননি। পরবর্তী চারটি গোলের একটিতেও সহায়তা নেই তার। বার্সেলোনার হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে এসে জাতীয় দলের জার্সি গায়ে ছন্দহীনতার কথা স্বীকার করে নিলেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের ভাষায়, ‘এটা সত্য যে চলতি কোপা আমেরিকায় আমি নিজের প্রত্যাশা অনুযায়ী সেরা খেলাটা দিতে পারছি না। এখানে এমন ম্যাচ আসতেই পারে। এখানে অনেক বেশি খেলা পাবেন না আপনি। আমাদের মতো খেলোয়াড় যারা প্রতিপক্ষকে এড়াতে ভিন্ন কিছু করতে চায় তাদের জন্য কঠিন হয়ে যায় ব্যাপারটা।’ তবে নিজের পারফরমেন্সের চেয়ে দলের জয়টাকেই এগিয়ে রাখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘সবচেয়ে জরুরি ব্যাপারটা হচ্ছে, আমরা জিতেছি এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া অব্যাহত রেখেছি।’
এই জয় ২০০৭ সালের পর আবারও কোপা আমেরিকার লড়াইয়ে ব্রাজিলের সামনে এনে দাঁড় করিয়েছে কোপা আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা দলটিকে। জাতীয় দলের কোচিং ক্যারিয়ারের প্রথম প্রতিযোগিতাতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তার আগে কোচ স্ক্যালোনি সুন্দর কিছুই প্রত্যাশা করছেন দ্বৈরথটি থেকে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আপনারা যারা ফুটবল অনুরাগী তাদের জন্যে এই খেলাটা সুন্দর এক অভিজ্ঞতাই হতে যাচ্ছে। কিন্তু আমরা যারা বেঞ্চে থাকবো তাদের জন্য এটা কঠিনই হতে যাচ্ছে। কিন্তু দিনশেষে এটা সুন্দর এক ম্যাচই হতে যাচ্ছে। আর আমরা তাদের জন্য খেলাটা কঠিন করে তুলতে চাইব এবং জিততে চেষ্টা করব।’
সেমিফাইনালে
শিরোপাধারী চিলি
শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। শনিবার সকালে কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় তারা। টানা তৃতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করার দিনে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছে দলটিকে। টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথে চিলি দল জ্যামে পড়ায় ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়েছিলো। এরপর খেলাটির নিয়মিত সময়ে দুবার কলম্বিয়ার জালে বলও জড়িয়েছিলো দলটি। কিন্তু চার্লস আরাঙ্গেজ এবং আর্তুরো ভিদালের গোল দুটি ভিএআরের খড়ে্গ বাতিল হয়।
পেনাল্টি শ্যূট আউটে চারটি শটে ৪-৪ গোলে সমতায় ছিলো দুই দল। পঞ্চম প্রয়াসে কলম্বিয়া খেলোয়াড় উইলিয়াম তেসিলো লক্ষ্যভেদে ব্যর্থ হন। এরপর নিজেদের শেষ শট কলম্বিয়ার জালে পাঠিয়ে চিলিকে শেষ চারে তুলে দেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।