প্রধানমন্ত্রীর রূপকল্পে সম্পৃক্ত হতে চায় হকি

   সোহেল সারোয়ার চঞ্চল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত দেশ উন্নয়নের ২০৪১ রূপকল্পে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন। সরকারের উন্নয়নের মহাসড়কে নিজেদের জায়গা করে নিতে চায় হকি। এমনটা জানিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। হকি স্টেডিয়ামে ফেডারেশন কার্যালয়ে গতকাল দুপুরে হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফেডারেশন সভাপতি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ইলেকশনের মাধ্যমে একটি কমিটি হয়েছে। এর পরবর্তী যে লক্ষ্য, পরবর্তী অগ্রগতির যে ধারা সেটাও একটি রূপকল্পের মাধ্যমে নির্ধারিত হয়েছে। যার সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ কে সম্পৃক্ত করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন শৃঙ্খলা ছাড়া কোনো জাতির উন্নতি হয় না। আমরা সেই শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে চাইছি।’ হকিতে শৃঙ্খলার অভাব। খেলা আয়োজন করতে গেলে নানা সংকট দেখা দেয়। এই সব বিষয়গুলো নিয়ে ফেডারেশন সভাপতি কঠোর অবস্থানে।

গত ২৯ এপ্রিল হকি ফেডারেশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়। চার ঘণ্টা সভা হয়েছে। আগামী আগস্টে এজিএম। সেখানে তারা কিছু বিষয় নিয়েও সিদ্ধান্ত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একাধিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। উপমহাদেশের দল ভারত পাকিস্তানকে সঙ্গে নিয়ে ইউরোপের দেশগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৬ জুলাই আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভা রয়েছে। সেখানে ফেডারেশনের দুই কর্মকর্তা সাজিদ আদেল এবং আব্দুর রশিদ সিকদার যাবেন এবং টুর্নামেন্ট নিয়ে কথা তুলবেন। ফেডারেশন সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ জানিয়েছেন আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ভারত পাকিস্তান ছাড়াও জাপান, কোরিয়াকে আনাতে চান তারা। একাধিক টুর্নামেন্টও হতে পারে জন্মশত বার্ষিকীতে।

n ফ্রাঞ্চাইজি হকি

ক্রিকেটের মতো করে দেশের হকিরতে জাগরণ সৃষ্টি করতে ফ্রাঞ্চাইজি হকির আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশন সহ-সভাপতি ড. মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘এটা বিপিএলের মতো ৮ প্রভিন্সকে নিয়ে করতে চাই। হকিকে জনপ্রিয় করতে হলে কিছু একটা করতে হবে।’ সেই সঙ্গে স্কুল হকিও শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

n প্রতিবছর একটি করে টার্ফ 

সহ-সভাপতি আব্দুর রশিদ সিকদার জানিয়েছেন তারা প্রতিবছর একটি করে টার্ফ স্থাপন করতে চান। ঢাকার বাইরে হকির জন্য এই উদ্যোগ নিতে চান তিনি। যদিও বড় বাজেটের প্রয়োজন। তবে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইব’

এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় কমিশন ভিত্তিক কমিটি করা হবে। ৩২ জন মহিলা খেলোয়াড় বাছাই করা হয়েছে প্রশিক্ষণের জন্য। ব্যাংককে ইনডোর হকির জন্য সাবেক খেলোয়াড় জামিল এ নাসেরকে ম্যানেজার মনোনীত করা হয়েছে।