রয়কে নিয়ে ইংল্যান্ডের আশা

  স্পোর্টস ডেস্ক

প্রথম পাঁচ ম্যাচে চার জয় নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারের পর ইংলিশরা এখন খাদের কিনারায়। আজ রবিবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে দলটি। চোটের কারণে আগের তিন ম্যাচে না খেলা ওপেনার জেসন রয়কে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফিরে পাবার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড। 

গেল বিশ্বকাপের পর থেকে নিজেদের এক দিনের ক্রিকেট খেলার ধরনটাই পালটে নিয়েছিল ইংল্যান্ড। দুই পাশ থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ইনিংস শুরু করা ছিল তার অন্যতম প্রধান কৌশল। এটি বাস্তবায়নে জেসন রয়ের কৃতিত্ব ছিল অসামান্য। চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন সারের এই ব্যাটসম্যান। তিন ম্যাচ খেলে একটি অর্ধশতকের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে একটি দেড়শো রানের ইনিংসও খেলেছিলেন তিনি।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট তাকে তিন ম্যাচের জন্য দল থেকে ছিটকে দেয়। গেল শুক্রবার তিনি অনুশীলনে ফিরেছেন। ইংল্যান্ড সহ-অধিনায়ক জস বাটলারের আশা রবিবার ভারতের মুখোমুখি হবার আগেই মেডিক্যাল দলের সবুজ সঙ্কেত পাবেন তিনি। বাটলারের ভাষায়, ‘তাকে দারুণ দেখাচ্ছে। সে দারুণভাবে উন্নতি করছে। তাকে দলে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার।’

সেমিফাইনালে যেতে হলে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের অন্তত একটিতে জিততেই হবে ইংল্যান্ডকে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাকে ফিরে পেলে তা ইংল্যান্ড দলকে মানসিকভাবেও বেশ উজ্জীবিত করবে বলে বিশ্বাস বাটলারের। তিনি বলেন, ‘আমরা জানি যে, দল হিসেবে আমরা আরো ভালো খেলতে পারব। দলে ফিরে পাওয়ার জন্য জেসন একজন দারুণ খেলোয়াড়। তাকে ফিরে পাওয়াটা দলকে আরো চনমনে করে তুলবে।’