নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে হবে: অ্যাডভোকেট রুবেল

জাতীয় পার্টির-জেপি যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবার ঐক্যবদ্ধ হতে হবে। কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় পার্টি-জেপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলের জনসভা সফল করতে প্রস্তুতি সভা করে জেপি। 

এনামুল ইসলাম রুবেল বলেন, নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। মনে রাখতে হবে দেশের মানুষকে সুখী  করতে রাজনৈতিক শান্তির বিকল্প নেই। রাজনীতি অস্থিতিশীল হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র বাধাগ্রস্ত হয়।  ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। 

প্রস্তুতি সভায় জাতীয় পার্টির-জেপি ভাইস চেয়ারম্যান মীর হারুন-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তালুকদার রাজু, আলী আব্দুল্লাহ টিংকু, নুরুল ইসলিম খাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকি আবু, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলম, সমাজ কল্যাণ সম্পাদক সারোয়ার হোসেন এবং যুগ্ম যুব বিষয়ক সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু প্রমুখ।