শান্তি সমাবেশে এসে আওয়ামী লীগের ২ নেতার মৃত্যু

কুমিল্লায় ও শেরপুরে হরতালবিরোধী শান্তি মিছিল নিয়ে বের হওয়ার পর বিল্লাল হোসেন ও আজিজুল হক নামের দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় ও নালিতাবাড়ী উপজেলা শহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি হার্টএ্যাটাকে মারা গেছেন। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম।

তিনি আরও জানান, বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে একটি শান্তি মিছিল নিয়ে কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় এলাকায় আসেন। এ সময় বিল্লাল হোসেনের বুকে হঠাৎ ব্যথা অনুভব করে তিনি ঢলে পড়েন। পরে তাকে সেখান থেকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে শেরপুরে হার্ট অ্যাটাকে মারা গেলেন এক আওয়ামী লীগ নেতা।

প্রাণ হারানো ৫৫ বছরের আজিজুল হক উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রাপ্ত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল বলেন, আমাদের দলীয় কর্মসূচীতে অংশ নিতে এসে মিছিল শেষে সমাবেশ চলাকালে হঠাৎ আজিজুল হক হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করেছে।