মাগুরায় চার কেজি ওজনের ব্রুনাই কিং আম

মাগুরা প্রতিনিধি

মাগুরায় একটি আমের ওজন চার কেজি। এই আম দেখতে বড়ো পেঁপের মতো হলুদ। স্বাদও মিষ্টি সুস্বাদু। এই আম এসেছে সুদূর ব্রুনাই সুলতানের  আম বাগান থেকে। মাগুরার শতখালীর একটি নার্সারিতে একটি আম গাছে ব্রুনাই কিং আম ধরেছে। হর্টিকালচার সেন্টারে এই আম পরীক্ষামূলকভাবে লাগিয়ে সাফল্য পাওয়া গেছে ।

জানা গেছে, জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের ইব্রাহীম হোসেন নামের একব্যক্তি ব্রুনাইয়ের সুলতানের বাগানে চাকরি করতেন। সেখানে বাগানে চার কেজি ওজনের আম ধরত দেখে তিনি দেশে আসার সময় আট বছর পূর্বে কলম ডাল নিয়ে আসেন। দেশে আসার পর এলাকার নার্সারি মালিক আতিয়ার রহমান তার নার্সারিতে কলমের মাধ্যমে গাছ তৈরি করেন। সেই গাছে চার কেজি ওজনের আম ধরেছে। তিনি কলম তৈরি করে বিক্রি করছেন। প্রতিদিন ব্রুনাই কিং আম দেখতে বহু মানুষ ভিড় করছেন। মাগুরা হর্টিকালচার সেন্টারে গাছে আম ধরেছে। অনেকে চারা নিয়ে লাগিয়েছিলেন তাদের গাছে আম এসেছে।

নার্সারি মালিক আতিয়ার রহমান জানান, ব্রুনাই কিং জাতের আম মাগুরায় সকলের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে আসছেন এই আম দেখতে। তার একটি গাছে এ বছর ৫০টি আম ধরেছে। প্রতিটি আম তিনি পাঁচ শ টাকা দরে বিক্রি করছেন।