গঙ্গাচড়ায় জোড়াতালি দিয়ে চলছে স্বাস্থ্যসেবা

স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সক সংকট

কমল কান্ত রায়, গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

ডাক্তার সংকটের কারণে রংপুরের গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালি দিয়ে চলছে সেবা কার্যক্রম। ৩১ শয্যার এ হাসপাতালটি ২০১১ সালে  ৫০ শয্যায় উন্নীত করা হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মঞ্জুরিকৃত ২১ জন ডাক্তারের মধ্যে বর্তমানে সাতজন ডাক্তারের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মেডিক্যাল অফিসার দুইজন, জুনিয়র কন্সালটেন্ট একজন, জুনিয়র কন্সালটেন্ট (ইএনটি) একজন, ইএমও একজন, প্যাথলজিস্ট একজন, এনেসথেটিস্ট একজন। তাছাড়া একজন অনুপস্থিত ও চারজন প্রেষণে অন্যত্র কর্মরত।

জুনিয়র কলসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. রাজু আহমেদ (রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল) জুনিয়র কলসালটেন্ট (কার্ডিওলজী) ডা. আবু জাহিদ (রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল), জুনিয়র কলসালটেন্ট (চক্ষু) ডা. মিজানুর রহমান (রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল), আইএমও ডা. কামরুজ্জামান ইবনে তাজ রংপুর সিটি করপোরেশনে সংযুক্ত। ডা. ফারজানা ইসলাম বহু দিন থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুর রহমান বলেন, যেখানে কমপক্ষে সাত/আটজন ডাক্তার লাগে আছে মাত্র দুইজন। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, চারজন ডাক্তার প্রেষণে রয়েছেন অন্যত্র। তারা বেতন নিচ্ছেন এখানে কাজ করছেন অন্যখানে। ফলে এলাকার লোকজন বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই। তারা ওপর থেকে অর্ডার নিয়ে আসে।