বরিশাল অফিস
বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বর্ণমালা স্কুলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ‘আর্তনাদ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউনে এ স্কুলের দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু হয়। স্বেচ্ছাসেবী এ সংগঠনটির বর্ণমালা স্কুলের প্রথম শাখাটি হচ্ছে ঢাকার মালিবাগ রেললাইন।
আর্তনাদ এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফোরকান জানান, বরিশালে বর্ণমালা স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধনী দিনেই অনেক শিক্ষার্থী এসেছেন। সংগঠনের সদস্যদের মাসিক চাঁদায় এ স্কুল পরিচালিত হবে। সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশু এবং নিরক্ষর মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বরিশালে এ স্কুলের কার্যক্রম শুরু করা হয়েছে। নিজেদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই স্বেচ্ছাশ্রমে সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে এ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালে এ স্কুল কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নিরক্ষরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়াও ২০১৩ সাল থেকে আর্তনাদ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় ও ১৬টি জেলায় স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ জানা ও মেডিক্যাল ক্যাম্প, ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদের নতুন পোশাক ও সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ, মাদক, যৌতুক, ইভটিজিং বিরোধী সামাজিক সচেতনতায় কাজ করছেন তারা।