দারুণ ভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। টানা চার হারে বিপর্যস্ত ৯২'এর চ্যাম্পিয়নরা। দলের এমন অবস্থায় বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সিনিয়র এক ক্রিকেটার। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের কাছে সেই সিনিয়র ক্রিকেটারের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) চায় না তাদের দেশ জিতুক।
ক্রিকবাজকে পাকিস্তানের সেই সিনিয়র ক্রিকেটার বলেন, ‘পিসিবি চায় পাকিস্তান ক্রিকেট দল খারাপ করুক। এই পিসিবি কর্তারা কেউই চায় না পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতুক। কারণ, তারা এই দলটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এই দলে ইচ্ছেমতো অদলবদল করতে চায়। এরা নেতৃত্বের ওপরও নিয়ন্ত্রণ চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে এসেছি আর পিসিবি রাজনীতি করছে। এই ধরনের কার্যকলাপ পিসিবি অনেক দিন ধরেই করে আসছে। এই পিসিবিতে যারা আছে, তারা সবাই সুযোগসন্ধানী ও স্বার্থান্ধ। এসব করার পর আমি বিশ্বকাপের পর পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার চোখের ভাষা পড়তে চাই। অবশ্য তিনি যদি সে পর্যন্ত নিজের পদ ধরে রাখতে পারেন!’