বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে কক্সবাজারে পৃথক ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। হরতাল ও তার পরবর্তী নাশকতা, সহিংসতা সৃষ্টির চেষ্টার দায়ে পুলিশ বাদী হয়ে কক্সবাজারের ৪টি থানায় এসব মামলা দায়ের করেছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬০-৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশের এক জেষ্ঠ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালকে কেন্দ্র করে কক্সবাজারের বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। যেখানে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, ইট, লাঠিসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে। এসব ঘটনায় পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানাসহ ৪টি থানায় পুলিশ বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেছে।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে করা ৫টি মামলায় ৬০ থেকে ৬৬ জনের নাম উল্লেখ করে অন্যদের অজ্ঞাত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। এসব যাচাই-বাছাই করে অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।