মেহেরপুর জেলা বিএনপির ১২ নেতাকর্মী আটক

বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযানে মেহেরপুরের তিন উপজেলা থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মেহেরপুর সদর থেকে পাঁচজন, গাংনী থেকে চারজন ও মুজিবনগর থেকে তিনজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র বিষয়টি এই প্রতিনিধিকে নিশ্চিত করেছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান চলমান থাকায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ অভিযোগ করেছেন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তার দলের মোট ২২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশের সূত্র থেকে নিশ্চিত হওয়া আটক ১২ জন হলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি রায়হানুল কবীর, মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজীজ রাজু, মোনাখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টুটুল, জেলা যুবদলের সদস্য তুষার, মুজিবনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি রমজান, মেহেরপুর সদর বিএনপি নেতা আলাউদ্দিন, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাবর আলী, আমদহ ইউনিয়ন বিএনপি নেতা মিলন হালসোনা, বুড়িপোতা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতা আমিরুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসমাউল হক ও গাংনী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম একটি মামলা ও অভিযানের বিষয়ে নিশ্চিত করলেও অভিযান চলমান থাকায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।