তাড়াশে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে মোবাইল ফোনে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মজিবর রহমান (৩৯)। সে পৌরসভা এলাকার ভাদাস গ্রামের আবুল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।

তাড়াশ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান দশম শ্রেণির ওই ছাত্রীর (১৫) সঙ্গে মোবাইলে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তাকে নিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে অশ্লীল ভিডিও ধারণ করে।  মজিবর অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এক পর্যায়ে স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে থানায় অভিযোগ দায়ের করেন।

উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি গোলাম রহমান জানান, এ ঘটনায় তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মজিবরের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।