ফাস্টফুড শিশুদের জন্য ক্ষতিকর

উম্মে সালমা তামান্না

ইদানীং শিশুদের মধ্যে ফাস্টফুড খাওয়ার প্রবণতা খুব বেড়ে গিয়েছে। আর যার ফলস্বরূপ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, শিশু স্থূলতার হারও বৃদ্ধি পাচ্ছে।

ফাস্টফুড এমন একজাতীয় খাবার যা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও ভীষণ মুখরোচক; কিন্তু এই ফাস্টফুড তৈরি হয় ক্ষতিকারক সব পদার্থ দিয়ে, এতে অতিরিক্ত চিনি, লবণ, হাইড্রোজেনেটেড তেল, কৃত্রিম রং, ট্রান্স ফ্যাট ও শর্করা থাকে; কিন্তু আয়রনের অভাব থাকে। এছাড়াও প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে ও সিজনিং হিসেবে যে মনোসোডিয়াম গ্রুটামেট ব্যবহার করা হয় তা শিশুদের নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ঘটায়।

নিয়মিত ফাস্টফুড খাওয়ার ফলে শিশুদের ওজনাধিক্য হয় যা পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ, ফ্যাটি লিভার হয় এবং কোলেস্টেরল বেড়ে যায়। স্মৃতিশক্তি কমতে থাকে, পড়াশোনা ও কোনো কাজের প্রতি আগ্রহ, মনোযোগ থাকে না। মস্তিষ্কের কর্মদক্ষতা কমে যায়।

শিশুদেরকে তাই ঘরে তৈরি খাবারের দিকে আগ্রহী করে তুলতে হবে। ছোটোবেলা থেকেই শিশুদেরকে ঘরে তৈরি মজার সব পুষ্টিকর খাবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এসব খাবারের মধ্যে কেক, প্যানকেক, খিচুড়ি, ডিম, আলুর চপ, টুনা স্যান্ডউইচ, ফিশ বা চিকেন কাটলেট, বুট বা গাজরের হালুয়া হতে পারে। অভিভাবকদের একটু সময় করে শুধু এসব পুষ্টিকর খাবার তাদের তৈরি করে দিতে হবে। বাহিরের খাবার কিনে দেওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, বড়দেরকেও শিশুদের সামনে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ শিশুরা অনুকরণপ্রিয়।

লেখক :পুষ্টিবিদ।