সিলেট নগরের বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ ৫ জনকে আটক করে।
বুধবার (০১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে ছাত্রদল-শিবির বন্দরবাজার এলাকায় মিছিল বের করে। এসময় ছাত্রলীগও একটি মিছিল বের করলে দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এদিকে অবরোধের সঙ্গে দ্বিতীয় দিনে সিলেটে হরতাল চলছে। হরতালের কারণে নগরীতে দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ। সকাল হতে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সকালে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত কিছু গাড়ি চলছে। সিলেটে অবরোধের সাথে যোগ হয়েছে হরতালের ভোগান্তি।
গতকাল সিলেটে পুলিশের ধাওয়ায় এক যুবদল নেতা দুর্ঘটনায় পড়ে নিহত হওয়ার প্রতিবাদে আজ সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় যুবদল। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট যুবদল। নগরীর টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, লামাবাজার সহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ।