বিএনপির অবরোধ

ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি মিছিল-সমাবেশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৩:২৯

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১ নভেম্বর ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ হয়।

এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মূল ফটকের সামনে এসে শান্তি সমাবেশ করে।

বিএনপি-জামায়াতের অবরোধে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে সমাবেশ করে আওয়ামী লীগ। ছবি: ইত্তেফাক

এতে আবুল কালাম আজাদ মিন্টু বিএনপির অবরোধে জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে ও ব্যবসায়ীদের সাহস যুগিয়ে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে। আমরা জীবন দিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করবো।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে  আমরা শান্তি সমাবেশ করছি নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা জনগণকে নিয়ে তাদের (বিএনপি-জামায়াত) প্রতিহত করব। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়।’

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান এসময় বক্তব্য দেন। 

ইত্তেফাক/এইচএ