বিশ্বকাপে ভিলিয়ার্স-লারাকে পেছনে ফেললেন সাকিব

ভারতে বিশ্বকাপে ছন্দে নেই সাকিব আল হাসান। বল হাতে পারফর্ম করলেও ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। এখন পর্যন্ত আসরে দলের হয়ে ছয় ম্যাচে ব্যাট হাতে নেমে সংগ্রহ করেছেন মোট ১০৪ রান। তার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ ও পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৩ রান। বাকি চার ম্যাচেই ছিলেন আসার-যাওয়ার মধ্যে। এমন পারফরমেন্সের মধ্যেও তিনি রেকর্ড বইয়ে নিজের ছাপ রেখেই চলছেন। গতকাল ব্যাট হাতে রান পেয়েই ছাড়িয়ে গিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে।

সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ রানে আউট হন সাকিব। সেই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের তালিকায় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে (১২০৭ রান) ছুঁয়ে ফেলেছিলেন সাকিব। অপেক্ষা ছিল তাকে ছাড়িয়ে যাওয়ার, যা গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে নেমে সেরে ফেলেছেন। 

বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ১২২৫ রান করেছিলেন লারা। সাকিবের রান এখন পর্যন্ত ১২৫০। এই রান নিয়ে তালিকার সাত নম্বরে অবস্থান তার। তার ওপরের দুই স্থানে আছেন ভারতের রোহিত শর্মা (১৩৭৬ রান) এবং বিরাট কোহলি (১৩৮৪ রান)। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছিলেন তিনি। ১৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা (১৫৩২ রান) ও ডেভিড ওয়ার্নার (১৪০৫ রান)।