বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘নাশকতা’ ঠেকাতে আজ বুধবার সকাল থেকে দক্ষিণ সুরমায় মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে আটটার দিকে লালাবাজার এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
বেলা ১১টায় দক্ষিণ সুরমার চণ্ডিপুলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ছিল বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমায় বিক্ষিপ্তভাবে পিকেটিং করেন বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ঘটা দুর্ঘটনায় এক যুবদল কর্মী নিহতও হয়েছেন। এ ঘটনায় আটক হয়েছেন তিনজন।