জাবি শিক্ষার্থীদের চাকরির অফার

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৪০ হাজার, ৩৫ হাজার ও ২৫ হাজার টাকা বেতনের তিন ক্যাটাগরিতে চাকরির অফার দিয়েছে কাজী আইটি সেন্টার। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে কাজী আইটি সেন্টারের অপারেশন ম্যানেজার আবদুল্লাহ মাসুম বলেন, জাবি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। তবে দুয়েক মাসের মধ্যে যাদের স্নাতক পরীক্ষা শেষ হবে তারাও আবেদন করতে পারবেন। যে তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন সেগুলো হলো- সিনিয়র বিজনেস এনালিস্ট (বেতন ৪০ হাজার), বিজনেস এনালিস্ট (৩৫ হাজার) ও জুনিয়র বিজনেস এনালিস্ট (২৫ হাজার)। চারটি ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।