শাহজালাল বিমানবন্দরে সোনাসহ যাত্রী আটক

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ লাখ টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। যাত্রীর নাম আব্দুল মতিন। তার কাছে ৯২৮ গ্রামের ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন। মতিনের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

এএপির অতিরিক্ত এসপি (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানপি-২ দিয়ে দোতলায় কার পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন মতিন। চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা সোনার বারগুলো উদ্ধার করা হয়।