প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর শুটিংয়ের আগে এক সংবাদ সম্মেলনে সুপারস্টার শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বলে সম্বোধন করা হয়েছে। বলিউডে তিন খানের রাজত্বের কথা সবারই জানা। বর্তমানে ভারতীয় মিডিয়াও বাংলাদেশের সিনেমায় খান মানেই শাকিব খানকেই জানে।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিব খানকে জিজ্ঞেস করা হয়, শাকিব ভাই আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! তাই না? প্রশ্ন শুনেই শাকিব খান হাসিমুখে বলেন, ‘না না। তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অভিনেতা। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সাথে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সাথে আমাকে তুলনা করে।’
এসময় শাকিব আরো বলেন, ‘আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকে আমি এখানে। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার সাথে থাকে।’
এদিকে এই সাক্ষাৎকারের সময় পাশেই বসা ছিলেন শাকিব খানের বলিউডি নায়িকা সোনাল চৌহান। শাকিবের মুখে শাকিবিয়ানদের প্রসঙ্গ শুনে ‘ওয়াও গ্রেট’ বলে বিষ্ময় প্রকাশ করেন সোনাল।
ভারতের বেনারসে ‘দরদ’ ছবির শুটিং চলছে । নভেম্বর মাস জুড়ে সেখানে শুটিং চলার কথা আছে। এটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
সাইকো রোমান্টিক থ্রিলার গল্পের ছবি এটি । নির্মাতা জানিয়েছেন, ৩০টির বেশি দেশে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু মালয়ালম, কর্ণাটক এই ছয় ভাষায় আগামী ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তি দেয়া হবে