কলমাকান্দায় শিকলবন্দি গৃহবধূ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের জন্য এক গৃহবধূকে বর্বরোচিত নির্যাতন করা হয়েছে। এমনকি তাকে হাতে-পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার কলি বেগমকে উদ্ধার করে। এ ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বেলতলী চরপাড়া গ্রামে।

এ ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জার বিরুদ্ধে গৃহবধূ কলি বেগম (২৪) মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামী মো. জাহাঙ্গীর আলম, শ্বশুর আব্দুল হামিদ, শাশুড়ি ফাতেমা বেগম, ভাসুর আলমগীর হোসেন ও জা রুমা আক্তারকে আটক করেছে পুলিশ। কলি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। 

জানা গেছে, যৌতুকের জন্য কলি বেগমকে হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। কলি সিলেটে অবস্থানরত তার মাকে গোপনে ঘটনাটি জানায়। গত শুক্রবার কলির মা কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানালে পুলিশ গিয়ে শ্বশুর বাড়ি থেকে কলি বেগমকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তার জ্ঞান ছিল না।