স্থগিত বাণিজ্য আলোচনা ফের শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে তারা চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিষিদ্ধ করা চীনের হুয়াও পণ্য বিক্রিতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমোদন দেবেন বলে জানিয়েছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রয়োজনীয় সবকিছু করবে রাশিয়া। খবর বিবিসি ও রয়টার্সের
জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য যুদ্ধ চলছে। যুদ্ধের অবসান ঘটিয়ে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সচল করতে ফের আলোচনা শুরু করতে রাজি হয়েছেন দুই নেতা। ৮০ মিনিটের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হুয়াও পণ্য বিক্রিতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমোদন দেবেন। তিনি জানান, আমরা চীনা পণ্য আমদানিতে অতিরিক্ত ৩০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করছি না। আমরা সঠিক দিকেই আছি। দেখি ভবিষ্যতে কী হয়। তবে চীনা কৃষি পণ্যের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের মধ্যে চুক্তি হলে তা হবে ঐতিহাসিক। তবে চুক্তির সময়সীমা সম্পর্কে কিছু বলেননি তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পেরবক্তব্যকে স্বাগত জানিয়েছেন জি-২০ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধি ওয়াং জিয়াওলং। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে অসুন্দর বলে আখ্যায়িত করেছেন। গতকাল রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। ইউক্রেন এবং মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠক হয়।