সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ পরিবারের ১২ সদস্যের সবাই নিহত হয়েছেন। তারা পূর্ব ইংলান্ডের লুটনের বাসিন্দা ছিলেন। চার বছর আগে তারা আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় পালিয়ে যায়। খবর:ডেইলি মেইল।
২০১৫ সালের ১০ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন প্রায় পরিবারের বয়স্ক সদস্য আব্দুল মান্নান। এক মাস অবস্থানের পর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়ে ১১ মে তুরস্কের ইস্তাম্বুল পৌঁছায় তারা। পরবর্তী বিমানে তাদের ব্রিটেনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এরপর থেকেই নিখোঁজ হয় পরিবারটি।
শুক্রবার ডেইলি মেইলের খবরে বলা হয়, আইএসের সাবেক রাজধানী রাক্কায় এই পরিবারের বয়স্ক সদস্য মান্নান ও তার স্ত্রী মিনেরার স্বাভাবিক মৃত্যু হয়। তবে পরিবারটির ৩ পুরুষ সদস্য আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রথমেই মারা যায়। এরপর এক বিমান হামলায় নিহত হয় পরিবারের বাকি সাত সদস্যও। এর মধ্যে ছিল এক থেকে শুরু করে এগারো বছর বয়সের ৩ শিশুও।