আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুরের  তিনজন। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় নুরুল হক (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি । পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাউজান উপজেলার নোয়াপাড়া বাজারে পিক-আপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ননা বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

রংপুরের মিঠাপুকুরে নাবিল পরিবহন নামের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে শঠিবাড়ী উত্তর বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী দক্ষিণপাড়া গ্রামের মৃত. খলিল মিয়ার ছেলে মধু মিয়া (৪৫), শঠিবাড়ী হরিপুর গোহাটি গ্রামের মৃত. মঞ্জু মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৮) ও রংপুর সদরের সম্ভু বাবু (৩০)।

জয়পুরহাটের কালাই উপজেলার টিএনটি এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লেগে দুর্ঘটনায় অজিজুল হক (৩৫) নামে এক গরু ব্যসায়ী নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।

অন্য দিকে, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জ্বর আক্রান্ত শিশুপুত্রকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ নার্গিস বেগমের (২৩)। গতকাল হাসপাতাল থেকে গেটে পৌঁছানোর আগেই তাদের ভ্যানে বালুভর্তি ট্রলি আছড়ে পড়ে ঘটনাস্থলেই  নার্গিস নিহত হন। এ সময় তার ১ মাস ১১ দিন বয়সের শিশুপুত্র মোস্তাকিন, মা সাফিয়া বেগম (৫০) ও ভাই হাসিব শেখ (২৬) আহত হন। এছাড়া সকাল সোয়া আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন: মুকসুদপুর উপজেলার ঢাকপাড়া গ্রামের এরশাদ খানের ছেলে সাকিব খান (৭) ও তার মা শাওন বেগম (২৭)।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাটে হিউম্যান হলারের ধাক্কায় নাসিমা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজীরহাট মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুশীল গাথী গ্রামের আব্দুর রহমানের কন্যা।

অন্য দিকে, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় আবু হাসান (২৬) নামের এক সিএনজি অটোচালক নিহত হয়েছেন। কাহালু উপজেলার বোরাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে আবু শুক্রবার অটো নিয়ে দুপচাঁচিয়া থেকে বগুড়া যাবার পথে থানা বাসস্ট্যান্ডে পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী আতিক পরিবহন (ঢাকা মেট্রো-জ-১৪-১২৯৪)নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা নামক স্থানে গতকাল সকালে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত  ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম আবুল বাশার (৫০)। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকায়।

যশোরের বাঘারপাড়া ও শার্শায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার যশোর-মাগুরা সড়কের সাদিপুর ও যশোর-সাতক্ষীরা সড়কের জামতলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।