বিশ্বকাপে ব্যর্থতার দায় নিলেন হাথুরুসিংহে

দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের দায়িত্ব নিয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও শোচনীয়। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন হাথুরুসিংহে।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ বলেন, 'আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।'