রাজধানীর আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের প্যাকেজ-৫ এর কাজ শুরু হয়েছে। তবে প্রকল্প এলাকার ভেতরে রয়েছে তিনটি ফুটওভারব্রিজ এবং একটি আন্ডারপাস। এর মধ্যে কাওরানবাজার এলাকার আন্ডারপাসটি মেট্রোরেলের কাজের প্রয়োজনে সরিয়ে নিতে হচ্ছে। পথচারী পারাপারের জন্য পাশেই তৈরি করা হচ্ছে একটি ফুটওভারব্রিজ। তবে মেট্রোরেলের কাজের প্রয়োজনে ফার্মগেট ও কাওরানবাজার এলাকার অন্য ফুটওভারব্রিজগুলো সরানো হবে না বলে জানা গেছে। মেট্রোরেলের পরিকল্পনা অনুযায়ী, এসব ফুটওভারব্রিজের উপর দিয়েই যাবে মেট্রোরেল। পিলারগুলো সেভাবেই ডিজাইন করা হয়েছে। ব্রিজ থেকে অন্তত এক মিটার উপরে থাকবে মেট্রোরেলের বক্স।
মেট্রোরেলের প্যাকেজ-৫-এর চিফ প্ল্যানিং ইঞ্জিনিয়ার মো. সারফরাজ উদ্দীন ইত্তেফাককে বলেন, ফার্মগেট ও কাওরানবাজার এলাকায় এখন যেসব ফুটওভারব্রিজ আছে সেগুলো এভাবেই থাকবে। কারণ এরই মধ্যে পরিকল্পনা অনুযায়ী, ফার্মগেটে দুটি এবং কাওরানবাজারে একটি নতুন ফুটওভারব্রিজ তৈরি করা হয়েছে। মেট্রোরেল এসব ফুটওভারব্রিজের উপর থেকেই যাবে। ফুটওভারব্রিজের উপর থেকে মেট্রোরেলের নীচ পর্যন্ত অন্তত ১ মিটার দূরত্ব থাকবে। মেট্রোরেলের কারণে ফুটওভারব্রিজ ব্যবহার এবং পথচারী পারাপারে কোনো অসুবিধা হবে না।
এদিকে মেট্রোরেল প্রকল্পের কারণে ভেঙে ফেলা হবে কারওয়ান বাজারের আন্ডারপাস ‘প্রজাপতি গুহা’। পথচারী পারাপারে ব্যবহূত এই আন্ডারপাসটি দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। সর্বশেষ ২০১৭ সালে ডিএনসিসি আন্ডারপাসটির টাইলস পরিবর্তন, বাতি লাগানোর কাজ করে।
ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ বলেন, মেট্রোরেলের প্রয়োজনে কাওরানবাজার আন্ডারপাসটি ভেঙে ফেলা হবে। পথচারী পারাপারের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ পাশে একটি ফুটওভারব্রিজ তৈরি করে দিয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ বা মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজ আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত অংশের কাজ শুরু হয়েছে। প্রকল্প এলাকার ভেতরে পড়ায় আন্ডারপাসটি সরিয়ে নিতে হচ্ছে। বর্তমান আন্ডারপাসে হবে মেট্রোরেলের স্টেশন। নতুন তৈরি করা ফুটওভারব্রিজটি চলতি সপ্তাহে পথচারী পারাপারের জন্য খুলে দেওয়া হবে।