সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন। তার দর্শন ঠিকমতো বাস্তবায়ন করতে পারলে আমরা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার যেই স্বপ্ন দেখছি—সেখানে পৌঁছানো সম্ভব। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল শনিবার সংসদে সাধারণ আলোচনার শেষদিনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
চিফ হুইপ লিটন চৌধুরী বলেন, এটা বর্তমান একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন, অনেককেই আমরা সময় দিতে পারিনি। এ অধিবেশন মাত্র ১৫ দিনের, তার পরও দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক সদস্য বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ২৬৫ জন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এবারই এ যাবত্কালের সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্য বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। এবার ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর মাত্র ১৫ কার্যদিবসে আমিসহ এই পর্যন্ত ২৬৭ জন এরইমধ্যে বক্তব্য দিয়েছি। এটা একটা রেকর্ড। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের ওপর বক্তব্য রাখেন। সবমিলিয়ে এবার বাজেটের ওপর ২৭০ জন আলোচনায় অংশ নেন। এসময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, অতীতের সব অধিবেশনের চেয়ে এবার সবচেয়ে কম কার্যদিবসে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য অংশ নিয়েছেন। আপনারা একটা রেকর্ড সৃষ্টি করেছেন।