কাতারে যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

কাতারে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এই যুদ্ধবিমান মোতায়েন করা হলো। মার্কিন বিমানবাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানায়, উপসাগরীয় অঞ্চলে তাদের বাহিনীকে সুরক্ষা এবং শক্তিশালী করতে এ বিমানগুলো পাঠানো হয়েছে। বিবৃতিতে কতগুলো বিমান পাঠানো হয়েছে সেই সম্পর্কে কিছু না বলা হলেও মার্কিন বাহিনীর প্রকাশিত এক ছবিতে কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটির আকাশে পাঁচটি এফ-২২ যুদ্ধবিমান দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। বিশেষ করে ইরান যখন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে তখন থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। -আল জাজিরা