রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যেসব বিবেকবর্জিত অসাধু ব্যবসায়ী বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্পমন্ত্রণালয় আয়োজিত ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭’ বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।
ব্যবসাকে একটি মহত্ পেশা উল্লেখ করে তিনি বলেন, ইসলামেও ব্যবসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে; কিন্তু কিছু অসত্ ও অসাধু ব্যবসায়ীর কারণে আজ সত্ ও ভাল ব্যবসায়ীদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।
আবদুল হামিদ শিল্প উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য ও সেবার মানের সঙ্গে আপস না করার আহ্বান জানান। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দূরদর্শী ও সময়োপযোগী কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের শিল্প খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, সরকারের সময়োপযোগী শিল্পবান্ধব নীতি ও কর্মসূচির কারণে মানসম্পন্ন শিল্পায়নে দেশের রপ্তানি আয়কে বাড়িয়ে দিয়েছে। দেশের শিল্পখাত অবদানের কারণে মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৩৩ দশমিক ৭১ শতাংশে উন্নিত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে জিডিপি ৪০ শতাংশে উন্নীত এবং ২৫ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব মো. আবদুল হালিম এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন শিল্প ইউনিটের ১৪ জন প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন।
ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটিরশিল্প ও হাইটেক শিল্পসহ সকল বৃহত্ সেক্টরকে সমন্বিত করে ৬টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।
বৃহত্ শিল্প বিভাগে পুরস্কার পেয়েছেন- স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী, এনভয় টেক্সটাইল লি.-এর চেয়ারম্যান মোবারক আলী। মাঝারি শিল্প বিভাগে পুরস্কার পেয়েছেন- গ্রিন টেক্সটাইল লি.-এর এমডি তানভীর আহমেদ, ডি এন্ড এস প্রিটি ফ্যাশন লি.-এর এমডি রাজিন আহম্মদ ও জেএমই এগ্রো লি.-এর এমডি চৌধুরী হাসান মাহমুদ। ক্ষুদ্র শিল্প বিভাগে পুরস্কার পেয়েছেন- অকো টেক্স লি.-এর এমডি প্রকৌশলী আবদুস সোবহান, এপিএস এপারেলস লি.-এর এমপি মো. শামীম রেজা ও বিএসপি ফুড প্রডাক্ট (প্রাইভেট) লি.-এর এমডি অজিত কুমার দাস। অতি ক্ষুদ্র শিল্প বিভাগে পুরস্কার পান—স্মার্ট লেদার প্রোডাক্ট-এর প্রতিষ্ঠাতা ও মালিক বেগম মাসুদা ইয়াসমিন উর্মি। কুটিরশিল্প বিভাগে পুরস্কার পেয়েছেন—কোর দ্য জুট ওয়ার্কস এন্ড প্রতিবেশি প্রশিক্ষণ কেন্দ্র এবং কুটিরশিল্প উন্নয়ন সংস্থার পরিচালক বার্থ গীতি বারোই। তাছাড়া, হাই-টেক শিল্প বিভাগে পুরস্কার পেয়েছেন—সার্ভিস ইঞ্জিন লি.-এর চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোমেন ও নেসানিয়া লি.-এর মালিক বেগম রোকসানা পারভীন।