টেকনাফে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রবিউন হাসান এবং এসি-ল্যান্ড প্রণয় চাকমার নেতৃত্বে উপজেলার হ্নীলা স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ.কে. আনোয়ার, প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ইউপি মেম্বার হোছাইন আহমদ, জামাল উদ্দিন, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় লোকজন ইত্তেফাককে জানান, মহাসড়কের দুই পাশ অবৈধভাবে দখল করে এসব দোকানপাট গড়ে উঠায় হ্নীলা স্টেশন প্রতিনিয়ত যানজটে লেগে ছিল। উচ্ছেদ করায় লোকজন অন্তত যানজটমুক্ত স্টেশনে চলাফেরা করতে পারবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা যানজটমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল না করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।