কালিয়াকৈরে বিএনপি নেতা বাবুলসহ গ্রেপ্তার ৬

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়্যেদুল আলম বাবুলসহ ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাশকতার প্রস্তুতির সময় হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে থানা সূত্র।

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ছাইয়্যেদুল আলম বাবুল (৬৫), উপজেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান গোলাম রব্বানী (৪৭), চাপাইর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন (৫০), ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন (৫৫), কালিয়াকৈর পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক খোকন (৪০), চাপাইর ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মুখলেসুর রহমান মৃধা (৪৭)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলি খান বলেন, ‘আজ (বুধবার) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাশকতার প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের নামে বিএনপি জামায়াতের ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা রয়েছে।’