‘টাইম আউট’ প্রসঙ্গে ম্যাথুসকে আগেই সতর্ক করেছিলেন আম্পায়ার

বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। টাইম আউট হয়েছিলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হন তিনি। এমন আউটের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করেন ম্যাথুস।

সংবাদ সম্মেলনে ম্যাথুস জানিয়েছিলেন, সাকিবের প্রতি অনেক সম্মান থাকলেও এই ঘটনার পর আর একটুও সম্মান নেই তার। তবে 'টাইম আউট' সম্পর্কে আগেই জানতেন ম্যাথুস। মাঠে ঢোকার পর পরই তাকে সতর্ক করেছিল আম্পায়ার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসেন ম্যাথুস। এ সময় অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ তাকে জানান, প্রথম বল মোকাবিলা করার জন্য তার ৩০ সেকেন্ড সময় আছে। 

পপিং ক্রিজে গেলেও নিয়ম অনুযায়ী দুই মিনিটের মধ্যে প্রথম বল মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন না ম্যাথুস। এ সময় আঁটসাঁট করতে গিয়ে তার হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। ইশারা করে নতুন হেলমেট আনতে বলেন লঙ্কান এই অলরাউন্ডার, একজন হেলমেট নিয়ে মাঠেও যান। কিন্তু ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে যায়। 

বিষয়টি নজরে পড়ে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। শুরুতে তিনি আম্পায়ার মারাই ইরাসমাসকে জানান। পরে সাকিবকে 'টাইমড আউট'- এর জন্য আবেদন করতে বলেন। সাকিব আবেদন করলে আম্পায়াররা তাকে নিশ্চিত করতে বলেন, সাকিব জানান তিনি আবেদন করেছেন। 

হেলমেটের ছেঁড়া ফিতা দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন ম্যাথুস। সাকিবের কাছেও এগিয়ে যান তিনি, কিন্তু তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।