সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন তাসকিন 

চলমান বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। সেই বিতর্কে দেশের গণমাধ্যমের মূল শিরোনাম ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্বন্দ্ব। তবে এইবার সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পেসার তাসকিন আহমেদ। 

পুরো বিশ্বকাপে বারবারই খেলোয়াড়দের কাছে প্রশ্ন ছিল তামিম এবং সাকিবের এই ইস্যুকে কেন্দ্র করে। শনিবার (১১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর পেস বোলার তাসকিনের কাছেও প্রশ্ন করা হয় সাকিব ও তামিম ইস্যুতে। খোলা মনে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন। 

ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, 'খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।'