নেদারল্যান্ডসের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত বাংলাদেশের

বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল ভারতের। আর বিদায় নিয়েছিল নেদারল্যান্ড। গুরুত্বহীন এই ম্যাচে চোখ ছিল বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের। কারণ এই ম্যাচে ভাগ্য গড়ে দেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলা। অবশেষে ভারতের কাছে নেদারল্যান্ডসের হারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভারতের কাছে ১৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে ডাচরা।

রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে ভারত। রাহুল ৬৪ বলে ১০২ ও আইয়ার ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। 

৪১১ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ডাচরা। এরপর ম্যাক্স ও'দাউদ ও কলিন আক্রম্যান মিলে শুরু ধাক্কা সামাল দেন। ৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। 

তবে এরপরেই জোড়া উইকেট হারায় নেদারল্যান্ডস। আক্রম্যান ৩২ বলে ৩৫ ও ম্যাক্স ও'দাউদ ৪২ বলে ৩০ রান করে ফিরে যান। 

এরপর সাইব্রান্ড এঙ্গেলব্রেট ও তেজা নিদামানারু লড়াই চালিয়েও ব্যর্থ হয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৫০ রানে অলআউট হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৫৪ রান করেন নিদামানারু।