ভারতে চলমান বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। ব্যর্থতা থেকে বের হতে পারছে না বয়সভিত্তিক দলও। চার দলের যুব ওয়ানডে সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারতের ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় যুবারা। শুরুর সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে পারেনি বাংলাদেশের যুবারা। ৬ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন আরিফুল ও আহরার আমিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ৫৯ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ২৩ রান করে আউট হন আহরার।
শিহাবের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন আরিফুল। ৪৩ রানে আউট হন আরিফুল। শিহাবের ব্যাট থেকে আসে ৩২ রান। শেষ দিকে রাফিউজ্জামান ও রোহানাত দৌল্লাহর ছোট ছোট দুটি ইনিংসে দেড়শ ছাড়ায় স্কোর। ভারত যুবাদের পক্ষে নামান তিওয়ারি নেন ৩৩ রানে ৫ উইকেট।
বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৬ রান যোগ করেন স্বাগতিক দলের দুই ওপেনার আদার্শ সিং ও আর্শিন কুলকার্নি। ৬৭ রান করে আদার্শ ফিরলেও উদয় সাহারানকে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করেন কুলকার্নি।