সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির তিনজন, ছাত্রদলের একজন এবং জামায়াতের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাতে এবং সোমবার (১৩ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহ'র ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫),একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডা. শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), জামায়াত নেতা কলাগাঁও গ্রামের মৃত এলাহী বক্স ফকিরের ছেলে আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সংগঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তাদের কোর্টহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।